খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে গড়ে ওঠা বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া আর বিদেশ নির্ভর দলে পরিণত হয়েছে। আর এ জন্যই দলটি গণবিচ্ছিন্ন হয়ে ক্রমন্বয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যে তা উপলদ্ধি করা যায়।’
রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, ‘ভারতের কংগ্রেস আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল বলে বিএনপি বিজেপির সমর্থন চায় এবং দেশের রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চায়।’
তিনি বলেন, ‘বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের মাধ্যমেই উপলদ্ধি করা যায় বিএনপি রাজনীতি পুরোপুরিভাবে বিদেশ-নির্ভর হয়ে পড়েছে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি প্রমুখ।
