এরশাদের ইফতারে স্পিকার, বার্নিকাটসহ মন্ত্রী-কূটনীতিকরা

আপডেট : ২২ জুন ২০১৫, ০০:৫৬

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের ইফতার পার্টিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সরকারের বেশ ক’জন মন্ত্রী এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

 
গতকাল রবিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে রাজনীতিক ও কূটনীতিকদের সম্মানে আয়োজিত এই ইফতারে অতিথিদের রমজানের শুভেচ্ছা জানিয়ে এরশাদ বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমরা চাই জনগণ শান্তিতে ও সুখে থাকুক। রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস যেন না ওঠে, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। এবার ঈদে যাতে মানুষ নিরাপদে পরিবার-পরিজনের কাছে যেতে পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে হবে।
 
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রাণীসম্পদ মন্ত্রী ছায়েদুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সংসদের চিফ হুইপ আ.স. ম ফিরোজ ইফতারে যোগ দেন।
 
জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ও বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানও এতে যোগ দেন। কূটনীতিকদের মধ্যে আরও ছিলেন- জার্মান রাষ্ট্রদূত ড. থমাস, সুইডেনের জন ফ্রাইসেন, ইটালির মারিয়ো পালমা, তুরস্কের হুসাইন মাবতুবলো, ভারতের ডেপুটি হাইকমিশনার অসীম মহাজন, সৌদি আরবের চার্জ দ্য এফেয়ার্স খালিদ বিন আল ওটাইবি, ইরানের রাষ্ট্রদূত আব্বাস বেইজি, প্যালেস্টাইনের শের মোহাম্মদ আবুইয়্যাদে, নেপালের হ্যারীকুমার শেরেস্তা, নরওয়ের ম্যারিট ল্যুনডিমো, ফিলিফাইনের ভিনসেন্ট ভিভিনিকো টি ভ্যান্ডিলো, ভুটানের প্রেমাসোডেন এবং ইউপরোপীয় ইউনিয়ন, চীন ও জাপানসহসহ ২৭ টি দেশের কূটনীতিকরা। ইফতারে জাপা নেতাদের মধ্যে ছিলেন- ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, তাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম, ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, মোবারক হোসেন আজাদ, সুলতান মাহমুদ, সেলিম উদ্দিন, পীর ফজলুর রহমান, আবদুল মুনীম চৌধুরী বাবু, রেজাউল ইসলাম ভূঁইয়া ও বেলাল হোসেন প্রমুখ। এরশাদ ও জিয়াউদ্দিন বাবলু অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কুশল বিনিময় করেন।
 
শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতির সভাপতি হলেন বাবলা
 

ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাকে সভাপতি ও হাসান রি-রোলিং মিলের স্বত্ত্বাধিকারী মাইনুল হোসেনকে সাধারণ সম্পাদক করে শ্যামপুর-কদমতলী শিল্প মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হোটেল পূর্বাণীতে অনুষ্ঠিত সংগঠনের মতবিনিময় সভা শেষে সমিতির সাবেক সভাপতি হাজী আবুল হোসেন নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। সভা পরিচালনা করেন মহানগর জাপা নেতা সুজন দে।