সংসদে টাইগারদের অভিনন্দন, আরেকটি বাংলাওয়াশের প্রত্যাশা

আপডেট : ২২ জুন ২০১৫, ১২:৪৭
 
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের জন্য সোমবার সকালে অধিবেশনের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর সংসদ সদস্যদের বক্তব্যেও উঠে এসেছে টাইগারদের গৌরবের কথা। সেই সঙ্গে আরো একটি বাংলাওয়াশ দেখার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।
 
গতকাল রবিবার ভারতকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় টাইগাররা।
 
ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দনের পর সংসদ অধিবেশনে স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম বলেন, ‘সকল বিশ্ব আজ টের পাচ্ছে- কত ধানে কত চাল। আমাদের শনির দশা শেষ হয়েছে, বৃহস্পতি এখন তুঙ্গে। সকলে হাসে, মায়ের কোলে শিশু হাসে। আমাদের নেত্রী সত্যিই ভাগ্যবতী। তার সময়ে আমরা ক্রিকেটে চ্যাম্পিয়ন।’
 
সংসদ সদস্য ফজলে নূর তাপস বলেন, ‘বাংলার টাইগাররা আবার থাবা দিয়ে বুঝিয়ে দিয়েছে। ইনশাল্লাহ, ২৪ তারিখে ভারতকে বাংলাওয়াশ করে বিজয়যাত্রা অব্যাহত রাখব।’