ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে জয়ে প্রশংসা করলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। বললেন, বিশ্ব ক্রিকেটের ‘বাচ্চারা’ এখন বড় হয়ে গেছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পরে এনডিটিভিকে দেয়া সাক্ষাত্কারে তিনি এই মন্তব্য করেন।
সুনীল গাভাস্কার বলেন, প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে এই দুটো জয় হয়েছে। দুইটিতেই বড় ব্যবধানে হেরেছে ভারত।
তিনি বলেন, এই সিরিজের প্রথম দুটো ম্যাচ দেখে অবশ্যই বলতে হবে ভারতের চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে। মাঠে তারা তা প্রমাণ করেছে।
ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে বাংলাদেশের দর্শকদেরও প্রশংসা করেছেন সুনীল। তিনি বলেছেন, বাংলাদেশের দর্শক সব সময়ই বাংলাদেশ দলের সঙ্গে থেকেছেন। এই জয় বাংলাদেশের দর্শকদের জন্য অনেক কিছু। তারা তাদের ভালোবাসার প্রতিদান পেতে শুরু করেছে।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জয় পেয়ে ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচটি আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। সূত্র: এনডিটিভি।
