গ্রিসের সংকট সমাধানে জরুরি বৈঠকে ইউরোপের নেতারা

আপডেট : ২২ জুন ২০১৫, ১৮:০০

 

গ্রিসের ঋণ সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসেছেন ইউরোজোনের নেতারা। ব্রাসেলসে ইউরোপের ১৯টি দেশের নেতারা উপস্থিত হয়েছেন। এখন এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে ঋণের ভারে জর্জরিত গ্রিসের ভবিষ্যৎ।
 
এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস রবিবার আইএমএফের ঋণখেলাপি এড়াতে নতুন প্রস্তাব দিয়েছেন। একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন, এ মুহূর্তে গ্রিসের প্রতিশ্রুতিই যথেষ্ট নয়। হয় জুনের শেষ নাগাদ গ্রিসকে তার ঋণ পরিশোধ করতে হবে নতুবা দেশটিকে ইউরোজোন এবং সম্ভবত ইউরোপীয় ইউনিয়ন থেকেও সরে দাঁড়াতে হবে।
 
অর্থনৈতিক সংস্কার মেনে না নেয়া পর্যন্ত গ্রিসের জন্য নতুন কোন অর্থ ছাড় করা হবে না ইউরোপীয় কমিশন, আইএমএফ ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের এ ঘোষণার পর গত ৫ মাস ধরে এ অচলাবস্থা চলছে। সোমবারের বৈঠকে মূলত এটিই হবে আলোচনার প্রধান বিষয়। এমতাবস্থায়, সম্মেলনের প্রাক্কালে গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাস তার সংস্কার প্যাকেজ জার্মানি, ফ্রান্স ও ইউরোপীয় কমিশনের নেতাদের কাছে তুলে ধরেন। এছাড়া মূল বৈঠকের আগে তিনি দাতাসংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। আর এতে ঋণ পরিশোধ ও অর্থনৈতিক সংস্কারে গ্রিস সরকারের যে সদিচ্ছা রয়েছে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসও বলেছেন, এই সঙ্কটের একটি ইতিবাচক সমাধানের চেষ্টা করছে তার সরকার। সূত্র: বিবিসি