অরফানেজ মামলার বাদীর সাক্ষ্য বাতিলে খালেদার আবেদনের শুনানি শুরু

আপডেট : ২২ জুন ২০১৫, ১৮:৪৮
 
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদির সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে।
 
বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশণ বেঞ্চে  সোমবার এ শুনানি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী শুনানি করেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
 
শুনানিতে এজে মোহাম্মদ আলী বলেন, অরফানেজ মামলায় বাদির সাক্ষ্য গ্রহণের ৬টি ধার্য তারিখে খালেদা জিয়া বিচারিক আদালতে হাজির ছিলেন না। আইনের বিধান অনুযায়ী বাদির সাক্ষ্য গ্রহণের সময় আসামির উপস্থিতি থাকা বাধ্যতামূলক। যদি আসামি অনুপস্থিত না থাকতে পারে তাহলে আইনজীবীর মাধ্যমে তিনি আদালতে হাজির থাকবেন। কিন্তু খালেদা জিয়ার পক্ষে এ ধরনের কোন আবেদন ওই আদালতের সামনে ছিলো না। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪০ ধারা অনুযায়ী যেহেতু বিচারিক আদালতের সামনে এ ধরনের অনুপস্থিতির কোন আবেদন ছিলো না সেহেতু বাদির সাক্ষ্য গ্রহন বাতিল করা হোক। কারন আইনানুযায়ী এ জবানবন্দি গ্রহণ করা হয়নি।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ সাক্ষ্য দেন মামলার বাদি দুদকের কর্মকর্তা হারুনুর রশিদ। এই সাক্ষ্য বাতিল চেয়ে গত ১৫ জুন হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ অরফানেজ ট্রাষ্টের অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।