ভারতীয় দলের সমালোচনা করার পাশাপাশি টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সমালোচনায় মুখর হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বিষাণ সিং বেদি। প্রশ্ন তুলেছেন সফরের আগে ভারতের প্রস্তুতি নিয়েও। টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনির সমালোচনা করে তিনি বলেছেন ‘আগের মত ‘ক্যাপ্টেন কুল’ নেই ধোনি। তার মধ্যে বিক্ষুব্ধ চরিত্রটি লক্ষ্য করা গেছে। মুস্তাফিজুরের ব্যাপারটি তার বহিঃপ্রকাশ। তাই ধোনির এখন যোগ ব্যায়াম প্রয়োজন।’
বেদি বলেন, ‘এতে কোন সন্দেহ নেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। যোগ্য দল হিসেবে সিরিজ জিতেছে। তবে আমার প্রশ্ন হল, সফরের আগে কি প্রস্তুতি নিয়েছিলো ভারত? বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই ভেবেছে ভারত। কিন্তু শারীরিক ভাষা সে কথা বলেনি। যা আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যায় না। এমন আচরণ দলের জন্য নেতিবাচক। এটি কোন লজ্জার বিষয় নয়। কিন্তু এমন হার অবশ্যই চিন্তার বিষয়। ম্যাচ জয়ের জন্য যে ধরনের মানসিকতা প্রয়োজন, তা ছিল না ভারতের মধ্যে। তবে পেশাদারি ভাব লক্ষ্য করা গেছে বাংলাদেশের মধ্যে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এ নিজেদের উজাড় করে দিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।’
দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের মূল নায়ক মুস্তাফিজুর। ডেব্যু ম্যাচে ৫ উইকেট শিকারের পর ৬ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর। তাই বাংলাদেশের সাথে ভারতের পেস আক্রমণের তুলনা করতে গিয়ে টিম ইন্ডিয়ার পেসের সমালোচনা তো করলেনই, সাথে বাংলাদেশ বোলারদের প্রশংসাও করলেন বেদি, ‘ভারতের বোলারদের ফর্ম নিয়ে আমার প্রশ্ন আছে। আইপিএলের উপর নির্ভর করে ওয়ানডে দলে পেসার নেয়া হয়েছে। কিন্তু সেখানে তো চার ওভারের বেশি বোলিং করা হয় না। অন্যদিকে বাংলাদেশের বোলাররা অনেক বেশি উদ্যমী ও আত্মবিশ্বাসী ছিল।’
এছাড়া সবশেষে বাংলাদেশের দর্শকদের প্রশংসা করে ৬৮ বছর বয়সী বেদি বলেন, ‘আমি কখনো দেখিনি, এত জোরে চিৎকার দিয়ে নিজ দেশকে এভাবে সমর্থন করতে। বাংলাদেশের জন্য শুভ-কামনা রইল।’
