নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন বহাল

আপডেট : ২৩ জুন ২০১৫, ০৩:১২

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। তবে এ সংক্রান্ত আবেদনটি প্রধান বিচারপতির আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে। আগামী ২৫ জুন সেখানে ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক গতকাল সোমবার এই আদেশ দেন।

 

গত ১৮ জুন পল্টন থানার ২টি ও মতিঝিল থানার একটি মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল। অভিযোগপত্র দাখিল না করা পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয়। এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ফখরুলের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নাল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে আদালত স্থগিত আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেয়।