রাজধানীর তেজগাঁওয়ে এক বিকাশ কর্মীকে গুলি করে প্রায় তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ কর্মীর নাম সাইফুল ইসলাম। তিনি ডান পায়ে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সাইফুলের স্ত্রী ফারজানা আক্তার জানান, তাদের বাড়ি উত্তর বেগুনবাড়িতে। বাসার কছেই অবস্থিত বিকাশের দোকান থেকে রাত ১২টার দিকে ফিরছিলেন তিনি। এ সময় তার ব্যাগে থাকা বিকাশের প্রায় তিন লাখ টাকা দুর্বৃত্তরা ছিনিয় নেয়।
জানা গেছে, তেজগাঁওয়ের পদ্মা গার্মেন্টস নামে একটি দোকানের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকারে করে কয়েকজন দুর্বৃত্ত সাইফুলের পথরোধ করে। সেখানে টাকা ছিনিয়ে নেয়ার সময় তার ডান পায়ে গুলি করে তারা। পরে তারা পালিয়ে যায়।
