ইরাকে আইএসের নেতা নিহত

আপডেট : ২৩ জুন ২০১৫, ১১:৩৩
 
ইরাকের উত্তরাঞ্চলীয় এলাকায় মার্কিন বিমান হামলায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নেতা নিহত হয়েছেন। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এই তথ্য জানিয়েছে।
 
পেন্টাগনের এক মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, নিহত ঐ আইএস নেতার নাম তারিক বিন আল-তাহার বিন আল-ফালিহ আল-আওনি আল-হারজি।
 
তিনি বলেন, তিউনিসিয়ার নাগরিক তারিক ১৫ জুন মসুলে নিহত হন।
 
স্টিভ ওয়ারেন জানান, ২০১৩ সালে সংগঠনের জন্য অর্থ জোগান এবং যোদ্ধা সংগ্রহ ও তাদের যাতায়াতের সহায়তায় কাজ করছিলেন তারিক।
 
পেন্টাগনের মুখপাত্র বলেন, তারিকের মৃত্যুতে সিরিয়ান ও ইরাকি জঙ্গিদের সঙ্গে উত্তর আফ্রিকার জিহাদিদের এক করার কাজে আইএসের সক্ষমতা কমবে। সূত্র: এএফপি।