প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সেই সূর্য উদিত করতেই ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগের জন্ম।’
মঙ্গলবার সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে দলটির সভাপতি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিষ্ঠালগ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনোনীত হন। আওয়ামী লীগ ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে বাংলার মানুষের আস্থা বিশ্বাস অর্জন করেছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন। ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬৬-এর ছয় দফাসহ প্রতিটি আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির অর্জনের ইতিহাস, ত্যাগ-তিতীক্ষার ইতিহাস। ’
