গত তিন দিন ধরে পাকিস্তানের উপর দিয়ে তীব্র দাবদাহে বয়ে যাচ্ছে। সোমবার প্রাদেশিক রাজধানী করাচিতে অন্তত ২৫০ জন মারা গেছেন। এই নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। মঙ্গলবার ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
করাচি মেডিকেল কর্পোরেশন (কেএমসি) এর মুখপাত্র সালমা কাওসার জানিয়েছেন, গত তিন দিনে আব্বাসি শহীদ হাসপাতাল ও কেএমসি হাসপাতালে ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছে।
এর আগে শনি ও রবিবার আব্বাসি হাসপাতালে ৩০ জন মারা গেছেন। এদের মধ্যে ১২ জন নারী ও দুই শিশু রয়েছে।
করাচির জিন্নাহ পোস্টগ্রাজুয়েট মেডিকেল সেন্টার এর জরুরি বিভাগের প্রধান সেমিন জামালি বলেছেন, গত তিন দিনে এখানে দাবদাহের কারণে ২০০ জনের মতো মানুষ মারা গেছেন।
সিভিল হাসপাতাল করাচির অধ্যাপক এন. সাইদ কোরেশি বলেছেন, সোমবার রাতে এখানে ৬৪ জন মারা গেছেন।
ইন্দুস হাসপাতালের মুখপাত্র সাকিব জেসিম বলেছেন, সেখানে সোমবার পর্যন্ত ২০ মানুষ মারা গেছেন। অন্যদিকে লায়রা জেনারেল হাসপাতালে অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছেন সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়াও বিভিন্ন হাসপাতালে দাবদাহজনিত অসুস্থতার কারণে আরো অনেকে মারা গেছেন।
প্রাদেশিক এক মুখপাত্র জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় ৪০০টির মতো মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
গত শনিবার করাচির তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস, যা কয়েক দশের মধ্যে পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ তাপামাত্রার রেকর্ড। আর জাকোবাবাদ, লারকানা ও শুক্কুরে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রবিবার সেই তাপমাত্রা কমে ৪১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াস হয়। সূত্র: ডন।
