দাবদাহে পাকিস্তানে মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে, জরুরী অবস্থা জারি

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৬:৩০
 
তীব্র দাবদাহে পাকিস্তানে গত দুইদিন মৃতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজন মাসে দাবদাহের মধ্যে বিদ্যুত্ বিপর্যয়ের কারণে মৃতের সংখ্যা বেড়ে ৫৭২ জন হয়েছে।
 
পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্গত এলাকায় জরুরী অবস্থা জারি করেছেন।
 
শনিবার থেকে করাচিসহ পাকিস্তানের বিভিন্ন এলাকার উপর দিয়ে দাবদাহ বয়ে যাচ্ছে।
 
করাচিতে সানস্ট্রোক ও দাবদাহজনিত বিভিন্ন কারণে ৩০০ মানুষ প্রাণ হারিয়েছে।
 
দেশটির বন্যা পূর্বাভাস বিভাগ জানিয়েছে, আগামী বুধবার অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
তবে আগামী সপ্তাহে নতুন করে আবার দাবদাহ বয়ে যেতে পারে।
 
শনিবার করাচিতে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।  সূত্র: এএফপি।