স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংসদে জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন কারাগারে ৪৩০ জন বিদেশি বন্দি রয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশি এসব বন্দির মধ্যে ৬২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং ৩৬৮ জনের বিরুদ্ধে মামলা চলছে।
তিনি বলেন, সাজাপ্রাপ্তদের ৪৩ জন ভারতের, নয়জন মিয়ানমারের, আটজন পাকিস্তানের ও দুইজন তানজানিয়ার নাগরিক।
এছাড়া ভারতের ১০৩ জন, মিয়ানমারের ২০৮ জন, পাকিস্তানের ৩৩ জন, নাইজেরিয়ার ১০ জন, থাইল্যান্ডের ৭ জন, ক্যামেরুনের দুইজন এবং তানজানিয়া, মালয়েশিয়া, পেরু ও আলজেরিয়ার একজন করে নাগরিকের বিচার চলছে বলে আসাদুজ্জামান জানান।
