চার্দারা পুনর্দখল: ৮০ জঙ্গি হত্যার দাবি আফগান বাহিনীর

আপডেট : ২৩ জুন ২০১৫, ১৭:২৪
 
 
৮০ জনের বেশি বিদ্রোহীকে হত্যা করে মঙ্গলবার উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি জেলা তালেবান জঙ্গিদের কাছ থেকে পুনরায় দখল করে নিয়েছে আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ)। প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
 
ওদুদ ওয়াহিদি নামের ওই মুখপাত্র বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, চার্দারা জেলাটি এখন এএনএসএএফের নিয়ন্ত্রণে। তারা মঙ্গলবার ভোররাতে অভিযান শুরু করে এবং জেলাটির বাজারের পাশাপাশি জেলার কেন্দ্রস্থল যেখানে বেশ কয়েকটি সরকারি দপ্তরের ভবন অবস্থিত তা পুনরায় দখল করে নেয়।
 
আফগান রাজধানী কাবুলের ২৫০ কিলোমিটার উত্তরে এবং প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরের ছয় কিলোমিটার পশ্চিমের ওই জেলাটির ভিতরে কিছু কিছু জায়গায় এখনো সেনা ও পুলিশ জঙ্গিদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সেনা বিশেষজ্ঞরা তালেবান জঙ্গিদের রেখে যাওয়া রাস্তার পাশের বোমা এবং কয়েক ডজন স্থলমাইন নিষ্ক্রিয়  করে খুব ধীরে চলাফেরা করছেন।
 
ওয়াহিদি বলেন, ‘৮০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করা হয়েছে এবং নিহত জঙ্গিদের মধ্যে বেশ কিছু বিদেশি যোদ্ধাও রয়েছে।’ তবে রবিবার জেলাটি দখলে করে নেয়া তালেবানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।’