রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অপমৃত্যু হয়েছে। এরা হলেন—মিঠু শিকদার (৩৫), ইমরান হোসেন (১৬) ও জয়নাল আবেদিন (৪০)।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আরিফুল ইসলাম জানান—মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মিঠু শিকদার নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মিঠু অস্ত্র মামলায় কারাবন্দি ছিলেন। এর আগে সকালে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যান্টনমেন্ট থানার এসআই ওয়াহিদুল মিয়া জানান—গত সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে কুর্মিটোলা বিমান ঘাঁটির এমইএম ৩৫/১৯ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে ইমরান হোসেন নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ইমরান স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। বাড়ি পটুয়াখালীর বাউফল থানার কনকদিয়া গ্রামে।
আরেক ঘটনায় মঙ্গলবার দুপুরে বাড্ডার নতুন বাজার নয়ানগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্টে জয়নাল আবেদিন নামের একজন মারা যান। তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ায়।
