জালনোট চক্রের সদস্যদের আটকের সঙ্গে-সঙ্গেই বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদে সংসদে মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এই দাবি জানান তিনি।
হাজি মো. সেলিম বলেন, ‘এই চক্রটি ঈদ আসলেই বাজারে জালনোট ছাড়ে। বাজারে জাল নোটে সয়লাব হয়ে যায়। এদের ধরা হলেও বিচার হয় না। তাই প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাত্ক্ষণিক বিচার করতে হবে।’
হাজি সেলিম বলেন, ‘ঈদ সামনে রেখে প্রতিবছরই কোটি কোটি টাকার জাল নোটসহ আটক হচ্ছে একটি চক্র। কিন্তু এই চক্রের বিচার হচ্ছে না।’
এ বিষয়ে স্পিকারের রুলিং দাবি করে সেলিম বলেন, ‘কয়েক দিন আগে মিরপুর থেকে জালনোট চক্র আটক হয়েছে। এর আগে নারায়ণগঞ্জ থেকেও একটি চক্রকে আটক করা হয়। তবু অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। দুঃখজনক হলেও সত্য জাল নোট তৈরির চক্র ধরা পরলেও বিচার হয়নি। ভয়াবহ এ অপরাধ দমনে বিচার হয় না বলেই তারা ছাড়া পেয়ে আবার জাল নোট তৈরি করেন। জালনোট চক্র ধরা পড়লে আইনজীবীরা বলেন—স্যার বিচার যা করেন, এখন অন্তত জামিন দেন। পরে ম্যাজিস্ট্রেট তাদের ছেড়ে দেন। জালনোট চক্রের বিরুদ্ধে এ পর্যন্ত ৫ হাজার মামলা থাকলেও এর বিচার হয়নি।’
তিনি বলেন, ‘শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে—জালনোট তৈরির সঙ্গে জঙ্গি সংগঠন হুজির নেতারা জড়িত।’
