মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতীয় সংসদে ‘রুদ্ধদ্বার’ বা ‘গোপন বৈঠক’ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল।
মঙ্গলবার সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানিয়ে তিনি বলেন, ‘সব আন্তর্জাতিক নিয়ম-নীতি অস্বীকার করে মিয়ানমার যেভাবে গাছের সঙ্গে হাতকড়া পরিয়ে রেখেছে, এটি আমাদের জন্য খুব অপমানের। মিয়ানমার বিষয়ে এই সংসদে একটি রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানাচ্ছি। আমাদের কিছু বলার আছে। বিষয়টি সরকারকেও ভাবতে হবে।’
প্রসঙ্গত, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে সংসদে ‘গোপন বৈঠকের’ বিধান রয়েছে। সংসদ নেতার অনুমোদন নিয়ে স্পিকার এমন বৈঠকের জন্য দিন বা সময় নির্ধারণ করতে পারেন। এ সময় স্পিকারের অনুমতি ছাড়া কেউ অধিবেশনকক্ষে থাকতে পারেন না।
বাদল বলেন, ‘আমাদের সৈন্যকে তারা আটকে রেখেছে। কোনো আন্তর্জাতিক নীতিই তারা মানেনি—এটা হতে পারে না। বিষয়টি আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। শুনলাম—ছেড়ে দেবে। এখন শুনছি কী শর্ত নাকি তারা জুড়ে দিচ্ছে।’
