স্টুডেন্ট ভিসা দিবস পালন করছে আমেরিকান দূতাবাস

আপডেট : ২৩ জুন ২০১৫, ২০:৫১
 
 
 
আগামী ২৫ জুন ও ৯ জুলাই ‘স্টুডেন্ট ভিসা দিবস’ পালন করতে যাচ্ছে ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। দূতাবাসের কনস্যুলার সেকশন এবং এডুকেশনইউএসএ যৌথভাবে এই দিবসের আয়োজন করছে। আশা করা হচ্ছে—এই দুই দিনে সাত শর বেশি বাংলাদেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করবে।
 
‘স্টুডেন্ট ভিসা দিবস’ ছাত্র-ছাত্রীদেরকে উত্সবমুখর পরিবেশে ভিসার আবেদনপত্র জমা দেয়ার সুযোগ করে দেবে। এ ছাড়া, তারা যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস জীবন ও শিক্ষা সম্পর্কিত বিষয়ে এডুকেশনইউএসএর বিশেষ সেশনে অংশ নিতে পারবে এবং ছাত্র উপদেষ্টাদের দেয়া ‘প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
 
অনুষ্ঠান চলাকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের কনস্যুলার সেকশন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। তাই এ সময় ছাত্র-ছাত্রীরা রাষ্ট্রদূতের সাথে দেখা করারও একটি সুযোগ পেতে পারে বলে মঙ্গলবার দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা দুই দিনের যেকোনো এক দিন ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে এবং ভিসা সাক্ষাত্কারের সময়সূচি নির্ধারণ করতে পারবেন। তবে যেসব শিক্ষার্থী এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পড়ালেখা করছেন এবং যাদের ভিসা নবায়ন করতে হবে, তারা হয়তো ‘ড্রপ বক্স’ সুবিধা বা সাক্ষাত্কার ছাড়াই ভিসা লাভ করবেন। কোনো শিক্ষার্থী ‘ড্রপ বক্স’ সুবিধা লাভের যোগ্যতাসম্পন্ন কি না, তা জানার জন্য আবেদনকারীরা  http://www.ustraveldocs.com/bd ওয়েবসাইটের ‘Renew My Visa’ চেকলিস্ট যাচাই করে  দেখতে পারেন।
 
তবে এ ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্যণীয় যে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্যুরো অফ কনস্যুলার অ্যাফেয়ার্স বর্তমানে কিছু কারিগরি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে।  এই সমস্যা কেবল কোনো নির্দিষ্ট একটি দেশে অথবা কোনো একটি ভিসা ক্যাটাগরিতে হয়নি। মার্কিন পররাষ্ট্র দফতর এই সমস্যার সমাধানে এবং পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে কার্যকর করতে জরুরি ভিত্তিতে কাজ করে যাচ্ছে। যদিও কনস্যুলার সেকশন এখনো সম্পূর্ণভাবে ভিসা প্রক্রিয়া করতে পারছে না, তবুও কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের সাক্ষাত্কার গ্রহণ করবেন এবং ভিসা প্রদান প্রক্রিয়া সম্পূর্ণরুপে চালু হওয়া মাত্র যথাযথভাবে যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করবেন।
 

পররাষ্ট্র দফতর ভিসা বিষয়ে নিয়মিত তথ্যের আপডেট দিয়ে যাচ্ছে www.travel.state.gov এই ওয়েবসাইটে।