রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে বস্তির অধিকাংশ ঘর পুড়ে গেলেও কোন হতাহতরে খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডটি ঘটতে পারে বলে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকলেও এখনো সঠিক হিসাব জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বস্তির মাঝখানের একটি ঘরে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্র পাত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। তবে বস্তিবাসীদের অভিযোগ বস্তি উচ্ছেদের জন্য কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।
