প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় বিএনপি। আমরা গণতন্ত্রের স্বার্থে একটি টেকসই নির্বাচনী প্রক্রিয়া দেখতে চাই। এ জন্য সরকার ও বিরোধী দলের একটি কার্যকরী ভূমিকা নিতে হবে। সরকার ও বিরোধী দলের সম্পর্কের মাধ্যমে একটি নির্বাচনী প্রক্রিয়া গঠন করতে হবে, কোনো শত্রুতা করে নয়। সরকারের সঙ্গে সমঝোতা, আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের গণতন্ত্রকে টেকসই করতে চায় বিএনপি। কিন্তু সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে এই সম্পর্ক নষ্ট করতে চাইছে। এর ফলে দেশে রাজনৈতিক তিক্ততা আরো বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, বিএনপি আশা করে বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তিতে সরকারের পক্ষ থেকে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তা অপসারণ করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
