পাকিস্তানে তীব্র দাবদাহে মৃত ৬৫০

আপডেট : ২৪ জুন ২০১৫, ১০:১৬

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিন্ধুতে তীব্র দাবদাহে মৃতের সংখ্যা সাড়ে ৬শ’ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার প্রদেশের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে দেয়া বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রচণ্ড তাপের কারণে স্কুল, কলেজ এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। আর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর ডন ও এনডিটিভি’র।

 

দাবদাহে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতেই বেশিরভাগ মৃত্যু ঘটেছে। এদের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যা বেশি যারা সবাই হিথস্ট্রোকে মারা গেছেন। মুখ্যমন্ত্রী সৈয়দ কায়েম আলী শাহ বলেছেন, জরুরিভিত্তিতে বিনামূল্যে পানি সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার থেকে এই গরম শুরু হয়। ওই দিন থেকে শুরু হয় পবিত্র রমজান মাস। দুই কোটি জনসংখ্যার শহরে করাচিতে গত কয়েকদিনে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল জিন্নাহ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। আর আব্বাসি শহীদ হাসপাতালে মারা যায় ১০২ জন। এছাড়া লিয়ারি জেনারেল হাসপাতালে ১৭ জন, লিয়াকত ন্যাশনাল হাসপাতালে ৩৫ জন, আগা খান হাসপাতালে ২০ জন এবং কাতার হাসপাতালে ৩৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।