আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক সভাপতি ও বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শ্রীনিবাস যাই করুক তার বিচার হবেই। মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি এই কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, শ্রীনিবাস বিশ্বকাপ ট্রফি দিতে গেল, লোকে এমন বিদ্রুপ করল যে ট্রফি ফেলে পালিয়ে গেল। তারপরও সে এখনও আছে। গায়ের জোরে আইসিসি মিটিংয়ে চলে যাচ্ছে, যাবেও। ন্যায়-অন্যায় বোধ তো তার নেই। থাকলে কোয়ার্টার ফাইনালের পর আমাকে বলত না, বক্তব্য তুলে নিতে ও ক্ষমা চাইতে। যেখানে ওর চেয়ারম্যানশিপ আমিই এনডোর্স করেছিলাম। তবে যা-ই করুক, তার বিচার হবেই।
মেলবোর্ন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের বিতর্কিত ম্যাচে বাংলাদেশের পরাজয় সম্পর্কে তিনি বলেছেন, আমার বিশ্বাস আমরা জিততাম। অন্যায়-অবিচার না হলে আমরা আরো ভাল করতে পারতাম। বাংলাদেশ টিম আজ পর্যন্ত গিয়েছে, তার মধ্যে সেটিই সেরা ছিল।
তিনি বলেন, বিশ্বকাপে মেলবোর্ন থেকে ফিরে এসে আমি আইসিসি থেকে পদত্যাগ করেছিলাম। কিন্তু পদত্যাগের সময় আমার কিছু অবজারভেশন ছিল। ক্রিকেট টিম, দেশের বোর্ডের কাছে কিছু বক্তব্য ছিল। আমি যা কিছু আবেদন করার, টিমের কাছে করেছিলাম। বলেছিলাম যা আমি পারিনি, তোমাদের করে দেখাতে হবে। ওরা আমার চোখের জল সে দিন দেখেছিল। সেটা ওরা সারা জীবন মনে রাখবে। সূত্র: আনন্দবাজার।
