নদী ভাঙনে পদ্মা সেতুর কাজ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই: ওবায়দুল

আপডেট : ২৪ জুন ২০১৫, ১৪:১৪
 
 
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নদী ভাঙনে  মূল পদ্মা সেতুর  কাজ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই। ভাঙ্গনরোধে আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। যাথাসময়েই পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হবে। আগামী অক্টোবরে মূল সেতুর পাইলিংও যথাসময়ে শুরু হচ্ছে।
 
মন্ত্রী বুধবার ভাঙ্গনকবলিত লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতুর কনস্টাকশন ইয়ার্ড ও প্রকল্পের বিভিন্ন এলাকা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনার পর সাংবাদিকদের একথা জানান।
 
মন্ত্রী বলেন, যে টুকু ভেঙেছে তা তেমন কিছু নয়। এই ভাঙনে প্রকল্পের কোন ক্ষতি হয়নি। ভাঙনরোধে ৫ লাখ বালুর বস্তা প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ২০ হাজার বস্তা নদীতে ফেলা হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেয়া হবে। নতুন করে ভাঙ্গন দেখা দিলেও তা মোকাবেলায় সবরকম প্রস্তুতি রয়েছে।
 
এই সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক সফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) আব্দুল কাদের ও  চায়না মেজর ব্রিজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকৌশলী এবং পরামর্শকগণ উপস্থিত ছিলেন।
 
সেতুস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে সোমবার এক পয়েন্টে এবং মঙ্গলবার এর কাছাকাছি আরেকটি পয়েন্ট ভাঙন দেখা দেয়।
 
এর আগে রবিবার প্রথম ভাঙ্গন দেখা দেয় মূল সেতুর ৫শ’ মিটার ভাটিতে নদীশাসন এলাকার সিনোসাইড্রো সাব স্টেশনের কাছে। এপর্যন্ত তিনটি স্থানে ১৫০ ফুট দীর্ঘ এবং ১০ফুট প্রস্ত এলাকা বিলীন হয়ে যায়। তবে বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে।