তালেবানদের হাত থেকে আফগান জেলা পুনরুদ্ধার

আপডেট : ২৪ জুন ২০১৫, ২০:১৮
 
তালেবান দখল নেয়ার তিনদিনের মধ্যেই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ চারধারা জেলা পুনরুদ্ধার করেছে আফগান সরকারি বাহিনী। মঙ্গলবারের এ বিজয়ে আফগান সরকারি বাহিনীগুলোর উপর সৃষ্ট চাপ অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।
 
প্রাদেশিক রাজধানী কুন্দুজ শহরের পার্শ্ববর্তী জেলা চারধারা দখলে নেয়ার পর তালেবানরা প্রাদেশিক রাজধানী দখলে নেয়ার হুমকি দিয়েছিল। ২০০১ সালে কাবুলের ক্ষমতা থেকে হটে যাওয়ার পর এই প্রথম তালেবানরা একটি প্রাদেশিক রাজধানী দখল করার হুমকি তৈরি করেছিল।
 
একদিন আগে সোমবার তালেবানরা রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনে বড় ধরনের হামলা চালিয়ে সবাইকে স্তম্ভিত করে দেয়। পার্লামেন্ট ভবনের ঠিক বাইরে শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ছয় জঙ্গি হামলাটি শুরু করেছিল।
 
তবে হামলাটি সফলভাবে প্রতিরোধ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে এক জন সাধারণ মানুষ নিহত ও অপর ৩০ জন আহত হলেও নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় হামলাকারী সবাই নিহত হন।
 
কুন্দুজের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল সবুর নাসরাতি জানিয়েছেন, আফগান সেনাবাহিনী ও পুলিশ তালেবানদের চারধারা থেকে হটিয়ে দিয়েছে।
 
তিনি বলেন, 'উত্তরাঞ্চলীয় অন্যান্য প্রদেশ থেকে কুন্দুজে অতিরিক্ত বাহিনী আসার পর তালেবানদের হটিয়ে দেয়া সম্ভব হয়েছে। তাদের অনেকে হতাহত হয়েছেন।'