শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার ‘অপহরণের শিকার’ এক তরুণীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান। ওই তরুণীকে তার খালার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তরুণী কি আসলেই অপহূত হয়েছিল কি না, তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ‘দুপুর ২টার দিকে ওই তরুণী আমর্ড পুলিশের কাছে অভিযোগ করেন, তাকে অপহরণ করা হয়েছে। সে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এসেছে। ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জের সদর থানায়। স্থানীয় এক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।’
তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে সে তার খালার ফোন নম্বর দেয়। তার বাসা উত্তরা এলাকায়। পরে ওই তরুণীকে তার খালার কাছে হস্তান্তর করা হয়েছে। তরুণীর কথাবার্তা কিছুটা রহস্যজনক।’
