সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিকদের ওপর গাড়ি বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। হামলায় ১০ জন সোমালি নিহত ও চার জন আহত হলেও কূটনীতিকরা অক্ষত রয়েছেন। খবর- আল জাজিরার।
কূটনীতিকদের বহনকারী বুলেটপ্রুফ গাড়িটি হামলায় ক্ষতিগ্রস্ত হলেও তাদের কেউ হতাহত হয়নি। আল জাজিরার কাছে পাঠানো এক বিবৃতিতে হামলায় দায় স্বীকার করেছে আল শাবাব। বিবৃতিতে বলা হয়েছে, 'সোমালিয়ার শত্রুদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে আমরা হামলা চালাই।' সোমালিয়ার এক জন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তারা সেনা প্রশিক্ষক ছিলেন।
সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি হাসপাতালের সামনে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর সেখান থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া যায়।
রমজান মাস জুড়ে সোমালিয়া সরকারের বিরুদ্ধে হামলার ঘোষণা দিয়ে রেখেছে জঙ্গি সংগঠন আল শাবাব। রমজান মাস শুরুর পর থেকে দেশটির রাজধানীতে অন্তত দশ জন সরকারি কর্মকর্তা গুপ্ত হত্যার শিকার হয়েছেন।
