অষ্টম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি ১ জুলাই থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তভুক্তির দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সব শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের দাবি জানানো হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে জানানো হয়—এ সব দাবি পূরণ না করা হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে ।
স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান দেন সংগঠনের সভাপতি ড. আব্দুল মান্নান চৌধুরী। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন—দেশের ৯৭ ভাগ শিক্ষার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। শিক্ষানীতি বাস্তবায়ন করতে হলে তাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই তা সম্ভব নয়।
বক্তারা বলেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে সর্বপ্রথম এ দেশের বেসরকারি শিক্ষকদের জাতীয় পে-স্কেলের অন্তভুক্ত করেছিলেন, যা পরে ধারাবাহিকভাবে চালু আছে। এবার যদি এর ব্যত্যয় ঘটে তাহলে বর্তমান সরকারের সব অর্জন ধূলিসাত্ হয়ে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যক্ষ শাহাদাত্ হোসেন রানা, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, উপাধ্যক্ষ মোশারফ হোসেন, উপাধ্যক্ষ হরিচাঁদ মণ্ডল সুমন, অধ্যক্ষ দেলোয়ারা ইসলাম, এ কে এম ওবায়দুল্লাহ, সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ নুরুন্নবী আকন, অধ্যক্ষ আলাউদ্দিন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ মোকসেদুর রহমান প্রমুখ।
