সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ ভারতের কাছে ৭৭ রানে পরাজিত হয়েছে। নিয়ম রক্ষার এই ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচেই সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৭ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরু থেকেই প্রায় নিয়মিত বিরতিতেই উইকেটের পতন হয়। ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সাব্বির রহমান সর্বোচ্চ ৪৩ রান করেন। আর সৌম্য সরকার করেন ৪০ রান।
ম্যাচের প্রথম ইনিংসে ৫০ ওভার শেষে ভারত ৬ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করে।
সিরিজের শেষ ম্যাচেও রোহিত শর্মাকে আউট করেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৩৯ রানের মাথায় তার বলে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই মুস্তাফিজের শিকার হলেন ভারতের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
এদিকে বোলিংয়ে এসে প্রথম ওভারেই বিরাট কোহলিকে (২৫) বোল্ড করেন বিশ্বের সেরা অলরাউন্ডর সাকিব আল হাসান।
এরপর শেখর ধাওয়ান ও মহেন্দ্র সিং ধোনির সতর্ক ব্যাটিংয়ে প্রতিরোধ গড়ে ভারত। তবে সে প্রতিরোধে আঘাত হনে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার বলে নাসির হোসেনের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে যায় শিখর ধাওয়ান। এর পর রাইডুও রানের চাকা বেশ কিছুদূর এগিয়ে নিয়ে যান। ব্যক্তিগত ৪৪ রানে মাশরাফির বলে লিটন দাসের হাতে বন্দি হন তিনি। আর ধোনী ফিরেন ৬৮ রান করে।
এর আগে বুধবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
