আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে ডিজনি পিকচার্সের নতুন অ্যানিমেটেড ছবি ‘ইনসাইড আউট’। এবারের গল্প পাঁচ রঙচঙে চরিত্র জয়, ফিয়ার, স্যাডনেস, অ্যাঙ্গার, ডিজগাস্ট এবং ১১ বছরের বালিকা রিলে অ্যান্ডারসনকে ঘিরে।
গত ১৯ জুন আমেরিকায় মুক্তির পরপরই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন পিট ডক্টর। তিনি অস্কারে মনোনয়ন পেয়েছেন ছয়বার। ২০০৯ সালে তার ‘আপ’ সেরা অ্যানিমেটেড ছবি নির্বাচিত হয়। এ ছাড়া বাফটা চিলড্রেনস ফিল্ম অ্যাওয়ার্ড, অ্যানি অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার ঘরে তুলেছেন পিট। তার পরিচালনায় ‘ইনসাইড আউট’ পেয়েছে অন্য মাত্রা।
গত ১৮ মে কান চলচ্চিত্র উত্সবের প্রতিযোগিতা বিভাগের বাইরে ‘ইনসাইড আউট’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়। প্রথম প্রদর্শনীতেই দর্শকদের প্রশংসা কুড়ায় ছবিটি। সাড়ে ১৭ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এ পর্যন্ত আয় করেছে ১৩ কোটি মার্কিন ডলারেরও বেশি।
