খেলা দেখার আনন্দে...

আপডেট : ২৫ জুন ২০১৫, ০২:৪৪

ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সুখী পরিবারের নাম এখন বাংলাদেশ। তাই গতকাল তারকারা কে কি করছেন, এরকম খবরটা নিতেই সকলে নিজেদের শিডিউলে খেলা দেখার কথা কেউ মিস করলেন না। এর ভেতরে অভিনেতা নীরব তো ঘটা করে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা দেখবেন বলে জানালেন।

 
ব্যান্ড তারকা মাকসুদও গতকাল অফিস কলিগদের সাথে বিভিন্ন রকম বাজি লেগেই খেলা দেখেছেন। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ ব্যাটিং শুরু না করলেও এরই ভেতরে মুস্তাফিজকে নিয়ে বাজি ধরে ফেলেছেন অনেকেই। এর ভেতরে নির্মাতা চয়নিকা চৌধুরী জানালেন, তিনি মাহফুজ আহমেদের সাথে বাজি ধরেছেন মুস্তাফিজের ৫ উইকেট নিয়ে। যদিও গতকাল সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই ক্রিকেটার ৫টি উইকেট না পেলেও দুঃখ নেই চয়নিকার।
 
এ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘আমার অধিকাংশ আত্মীয়-স্বজনের বাড়ি ভারতে। বেশ ক’জন বেড়াতেও এসেছে। তাই এবারের খেলা দেখার বিষয়টা আমি আরও বেশি উপভোগ করেছি। নিজেদের দেশ ফেভারিট থাকলে আলাদা এক আত্ম-অহঙ্কার জন্মে। সেটা দারুণভাবে উপভোগ করলাম।’
 
এদিকে ব্যান্ডদল আর্কের শিডিউল প্র্যাকটিস থাকলেও গতকাল খেলার কারণে তা আর হয়নি। এ প্রসঙ্গে হাসান বলেন, ‘আমরা আজ অনেকটা হলিডে পালন করেছি। কারণ এমনিতেও আজ প্র্যাকটিস রাখলে সেই মনোযোগটা কারোরই থাকতো না। এ কারণেই আমরা পরে সিদ্ধান্ত বদলেছি।’
 
এদিকে সারাক্ষণ ক্রিকেট মাঠে থাকা টূর্নামেন্টের অফিসিয়াল ডিজে রাহাত বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেট ইতিহাসে আমাদের এতটা উত্তেজনার সময় গিয়েছে কখনও। কারণ প্রতিবারই আমরা জয়-পরাজয়ের সমীকরণে ভালোটা খেলার একটা সুপ্ত প্রত্যাশা নিয়ে মাঠে দেখতে আসি। কিন্তু এবারে আমরা ভারতের বিপক্ষে ফেভারিট দল। সেই চাপটা আমি বুঝি এদেশের অগণিত গানপাগল মানুষরা যখন কোনো চার-ছয়ে অনুপ্রেরণার গান বাজায়। সবাই যে ঢেউয়ের মতো করে আনন্দ জানান দেয় তা মুগ্ধ করে। এছাড়া এবারে ক্রিকেট নিয়ে শিল্পীদের গান তৈরির প্রবণতাও বেড়ে গেছে।’
 

চলচ্চিত্র পাড়ায় কাজের শিডিউল ঠিক থাকলেও প্রতিনিয়ত এমনই আপডেট জানছে সবাই। এ প্রসঙ্গে কাজী হায়াত বলেন, ‘এমনিতেই আমি সমিতির অফিসে নিয়মিত যাই, তদারকি করি। তবে খেলার দিনটা আমাদের অন্যরকম। এমনিতেই আমি খুব বাজি ধরা মানুষ। যেকোনো কিছুতেই বাজি ধরি। এবারের খেলায় বড় বড় বাজি ধরেছি।’ মূলত গতকাল সব তারকাদের দিনটা কেটেছে খেলা নিয়ে উদ্বিগ্নতায়।