ভিন্ন ধারার গল্প নিয়ে চোখ

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৫:৪৩
 
নতুন প্রজন্ম আর সবুজ পৃথিবীর জন্য নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘চোখ’। মুহম্মদ মোফাজ্জলের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। এই ছবির গল্প ও নির্মাণ নিয়ে এবারের আয়োজন। লিখেছেন অজেয় চৌধুরী ও ছবি তুলেছেন সোহেল মামুন।
 
হাসানের পুরো ভাবনাজুড়ে শিশুর বাসযোগ্য সবুজ পৃথিবী। শহরজুড়ে হাসান দেখতে পায় শিশুদের খেলার মাঠসহ অন্যান্য বিচরণক্ষেত্র কী করে সঙ্কুচিত হচ্ছে। প্রাচুর্যের মধ্যে থেকেও শিশুদের শারীরিক ও মানসিক চাহিদা পূরণ ব্যাহত হচ্ছে। সে এমন শিশুরও সন্ধান পায় যে বছরে একবার সবুজের সান্নিধ্যে যায়নি। ওইসব শিশুর চোখ পর্যাপ্ত সূর্যের আলো থেকেও বঞ্চিত হচ্ছে। সবুজের সান্নিধ্যবঞ্চিত শিশুদের অনেকে নানাবিধ শারীরিক সমস্যা বয়ে চলেছে। আধুনিকতার ছোঁয়া পাওয়া এলাকাগুলোতে প্রতিযোগিতার নামে শিশুদের ওপর চলে অভিভাবকদের শারীরিক ও মানসিক চাপ। প্রত্যেকটি শিশুকে যেন একাধারে ক্লাসে, নাচে, গানে এবং অভিনয়ে ফার্স্ট হতে হবে। স্কুল কারিকুলাম, অন্যান্য অ্যাক্টিভিটির এবং অতি অল্প বয়সে টেলিভিশন, মোবাইল-ট্যাবের যথেচ্ছা চাপে শিশুরা কোণঠাসা। ‘চোখ’ চলচ্চিত্রে হাসান দেখে যে ভার্চুয়াল অ্যাক্টিভিটির কারণে পৃথিবীটা শিশুদের হাতের মুঠোয় থাকলেও তাদের বাস্তবিক জগত্টা সঙ্কুচিত হয়ে আসছে। তবে হাসানের অবস্থান তথ্যপ্রযুক্তির প্রসারের বিরুদ্ধে নয়। তার যুক্তি হচ্ছে শিশুদের মোবাইল-ট্যাবের নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখা। শিশুর আশ্রয়স্থল পৃথিবীর ওপর মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয়ের প্রভাব সাংবাদিক হাসানের উদ্বেগের আরেকটি কারণ। দীর্ঘ সংগ্রামের পর ‘চোখ’ চলচ্চিত্রের শেষ দৃশ্যে আহত হাসান রাজধানী শহর ছেড়ে চলে যায় পাহাড়ের কাছে। সেখানে প্রকৃতির কোলে সে শিশুদের একটি স্কুল চালু করে। এই চলচ্চিত্রে রয়েছে বর্তমান প্রেক্ষাপটে শহুরে শিশুদের ওপর মানসিক ও শারীরিক চাপের ফলে তাদের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়ার অনেক তথ্য—এ রকম ভিন্ন ধারার গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘চোখ’।
 
মুহম্মদ মোফাজ্জলের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ‘চোখ’ চলচ্চিত্রের শুটিং। চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে দেড় ঘণ্টা। এই চলচ্চিত্রটির প্রধান চরিত্র হাসানের ভূমিকায় রয়েছে মহিম মিজান। তাছাড়া গল্পের প্রয়োজন ও অভিনয়ে সাবলীলতার জন্য চলচ্চিত্রে সাংবাদিক ও টিভি উপস্থাপক অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন আইরিন তানি, চন্দন রেজা, অভিজীত্ সেনগুপ্ত, কেরামত উল্লাহ বিপ্লব, মাহমুদা মৌমিতা, জুহানাত ও টোকাই নাট্যদলের কিছু কর্মীসহ অনেকে।