সিনেমার পর্দায় নিজেকে তেমনভাবে তুলে ধরতে পারেননি স্নেহা। দক্ষিণী, তামিল, তেলেগু ছবির পাশাপাশি বাংলাদেশের একটি ছবিতেও তাকে দেখা গেছে। অনেকদিন পর স্নেহা উল্লাল আবার বলিউডে ফিরছেন নতুন একটি ছবির মাধ্যমে। তার প্রত্যাবর্তন এবং ক্যারিয়ারের হালচাল তুলে ধরেছেন রেজাউল করিম খোকন।
‘বেজুবান ইশক’ ছবিটি মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। নামীদামি জনপ্রিয় তারকা নেই এ ছবিতে। তবে ত্রিভুজ প্রেমের এ ছবিতে দর্শকদের জন্য আলাদা একটি চমক রয়েছে। আর সেই চমকটি হলেন নায়িকা স্নেহা উল্লাল। দীর্ঘদিন বলিউডের ছবিতে তাকে দেখা যায় না। বলা যায়, সবার চোখের আড়ালেই চলে গেছেন। আড়ালে চলে গেলেও গ্ল্যামার জগত্ থেকে পুরোপুরি বিদায় নেননি সুন্দরী এই অভিনেত্রী। এবার অন্তরাল থেকে আবার সবার সামনে আসছেন ‘বেজুবান ইশক’ ছবির মাধ্যমে। এ ছবিতে তার অভিনীত চরিত্রের নাম রুমঝুম। সাদামাটা ইমেজের এক আটপৌরে তরুণীরূপে তাকে দেখা যাবে ‘বেজুবান ইশক’ ছবিতে। অনেক দিন পর বলিউডে স্নেহার ফিরে আসা নিয়ে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বলিউডে তার আগমন প্রখ্যাত অভিনেতা সালমান খানের হাত ধরে।
ঐশ্বরিয়া রাইয়ের মতো অনেকটা দেখতে বলে শুরুতে স্নেহা সবার আলাদা মনোযোগ আকর্ষণ করেছিলেন। বিশেষ করে ঐশ্বরিয়া রাইয়ের একসময়ের প্রেমিক সালমান খান তার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে অনেকটা জেদের বশে ঠিক তার মতো দেখতে অখ্যাত এক তরুণী স্নেহা উল্লালকে খুঁজে বের করেছিলেন ঐশ্বরিয়া রাইকে এক হাত দেখাতে। সালমান তার বিপরীতে স্নেহাকে ‘লাকি :নো টাইম ফর লাভ’ ছবিতে ব্রেক দিয়েছিলেন নায়িকা হিসেবে। পর্দায় ঐশ্বরিয়ার মতো করে সাজিয়ে উপস্থাপন করা হয়েছিল স্নেহাকে। তখন সবাই রসিকতা করে মন্তব্য করেছিলেন, সালমান দুধের স্বাদ ঘোলে মেটাতে চাইছেন। ঐশ্বরিয়াকে হারানো কিংবা না পাওয়ার বেদনা স্নেহাকে বলিউডে প্রতিষ্ঠিত করার মাধ্যমে পুষিয়ে নেবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু সালমানের চাহিদা এবং প্রত্যাশা পূরণ করতে পারেননি তখন স্নেহা উল্লাল। সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা ‘লাকি’ ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পেলেও সালমান স্নেহাকে আবার কাস্ট করেন ‘আরায়ান :আনব্রেকবল’ ছবিতে ছোট ভাই সোহেল খানের বিপরীতে। সালমান ব্রাদার্সের কৃপা লাভ করলেও দুর্ভাগ্যক্রমে বলিউডে শক্ত অবস্থান গড়ে তুলতে পারেননি বাদামি চোখের সুন্দরী এই তরুণী। অভিনয়ে দুর্বলতা স্নেহার অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছিল। যে কারণে সালমান নিজেও আর তার দিকে ফিরে তাকাননি। নতুন নায়িকাদের পৃষ্ঠপোষকতা করার ক্ষেত্রে সালমানের অনেক সুনাম রয়েছে। স্নেহার পর সোনাক্ষি সিনহা, সানা খান, জেরিন খান, ডেইজি শাহ প্রমুখকে তার বিপরীতে বিভিন্ন ছবিতে ব্রেক দিয়েছেন। স্নেহা সালমানের কাছ থেকে পরবর্তীতে তেমন সহযোগিতা না পাওয়ায় অনেকটা ভেঙে পড়েছিলেন। বলিউডে আপন যোগ্যতায় তেমন সুবিধা করতে পারেননি। যে কারণে হিন্দি সিনেমায় দীর্ঘ দিন তাকে দেখা যায়নি। তবে এ সময়টা বেকার বসে না থেকে দক্ষিণী সিনেমার জগতে ব্যস্ত রাখতে চেষ্টা করেছেন নিজেকে। বেশকিছু তামিল-তেলেগু সিনেমায় অভিনয়ের সুবাদে সেখানে নিজের আলাদা একটি অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
বাংলাদেশের ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এ অভিনয় করেছেন স্নেহা উল্লাল। ছবিটি সাড়া জাগালেও এদেশীয় সিনেমা দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি তিনি। দীর্ঘ কয়েক বছরের বিরতির পর বলিউডে স্নেহার প্রত্যাবর্তন ইতোমধ্যে মোটামুটি আলোড়ন তুলেছে। মুক্তিপ্রতীক্ষিত ‘বেজুবান ইশক’ ছবির ট্রেলর এবং গানের দৃশ্যে আবার তাকে দেখতে পেয়ে দর্শক নড়েচড়ে বসছেন। স্নেহা নিজেও তার কামব্যাক মুভি নিয়ে অনেকটা আশাবাদী। নতুন এ ছবির প্রচারণায় অংশ নিয়ে দর্শকদের আহ্বান জানিয়েছেন তাকে দেখার জন্য সিনেমা হলে যেতে। ওদিকে স্নেহার আবিষ্কারক এবং পৃষ্ঠপোষক সালমান খানও তার ফিরে আসায় খুশি হয়েছেন।
সম্প্রতি ‘বেজুবান ইশক’ ছবিতে স্নেহা অভিনীত একটি গান মাইক্রোলিংক থেকে নিজের টুইটারে শেয়ার করেছেন জনপ্রিয় এই বলিউড সুপারস্টার। শুভ কামনা জানিয়েছেন তিনি, স্নেহাকে উদ্দেশ্য করে এক লাইন লিখেছেনও। ‘বেজুবান ইশক’ ছবিতে রোমান্টিক তরুণীর ইমেজে স্নেহার ফিরে আসাটা বলিউডে তার ক্যারিয়ারকে পুনরুজ্জীবিত করতে পারবে কি না সেটাই হলো এখন দেখার বিষয়।
