অমল কৃষ্ণ রায় সম্প্রতি অভিনয় করলেন পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ চলচ্চিত্রে। এতে সায়মন, অহনা, শতাব্দী ওয়াদুদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। অমল তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবন ঢুলি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। এ ছাড়া ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। বরিশালের আগৈলঝাড়ার বাহাদুরপুরের অমল কৃষ্ণ রায় ১৯৮০ সালে চাঁদশীর ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ‘নবদিগন্ত’ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে অভিনয় শুরু করেন। শিক্ষাজীবন শেষে ঢাকায় এসে পিপলস থিয়েটার, থিয়েটার আর্ট ইউনিট, প্রাঙ্গণে মোর, প্রাচ্যনাট প্রভৃতি নাট্য সংগঠনের হয়ে কাজ করেন। অমল অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে ‘সুন্দর আলী সোহাগী বউ’, প্রাচ্যনাটের ‘তুঘলক’, জাতীয় শিল্পকলা একাডেমির জেলাভিত্তিক নাট্যোত্সবে ভাওয়ালের জমিদারের কাহিনি অবলম্বনে ‘মগের মুল্লুক’, পিপলস থিয়েটারের হয়ে ‘দেশের কথা পরির কথা’, ‘বান্দরের কিচ্ছা’, নাট্যভূমির হয়ে ‘শিরোনাম ৭১’ অন্যতম। তিনি ‘একটি পয়সা’, ‘অনুসন্ধান’, ‘বিশ্বাস ঘাতক’ যাত্রাপালাতেও অভিনয় করেছেন।
অমল অভিনীত টিভি নাটকগুলো হলো কাওনাইন সৌরভ পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হৈমন্তী’, ‘নিশিথে’, ‘ডিটেকটিভ’, ‘ফাঁকি’, অনিমেষ আইচের ‘ম্যারাডোনা’, রেজিনা পরিচালিত ধারাবাহিক নাটক ‘মেয়েটি এখন ঢাকায় আছে’, মনির হোসেন জীবনের ‘গুনীন’, তুহিন অবন্ত পরিচালিত ‘ছুটি’, সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘কবুলতনামা’, ‘বাড়াবাড়ি’ প্রভৃতি।
