অপর্ণা, এই সময়ের নাট্যাঙ্গনের প্রিয় মুখ। চলচ্চিত্রে অভিনয় করে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। আসছে ঈদ উপলক্ষে ছোটপর্দার কাজ নিয়ে দারুণ ব্যস্ত তিনি। তাকে নিয়ে লিখেছেন অভি মঈনুদ্দীন।
বলছি গত মঙ্গলবারের কথা। কোনোভাবেই যেন অপর্ণা একটু সুযোগ খুঁজে পাচ্ছিলেন না কথা বলার জন্য। রাজধানীর নিকেতনে মোশাররফ করিমের সঙ্গে ধারাবাহিক নাটক ‘আদর্শলিপি’ শুটিং করছিলেন। ইন্টারভিউয়ের জন্য কথা বলতে চাইলে কাজের মধ্যে বিরতি নিলেন অপর্ণা। শুরুতেই তিনি পাঠকের কাছে অনুরোধ করে বললেন, ‘আমার এবারের ঈদের বিশেষ বিশেষ নাটকগুলো দেখার চেষ্টা করবেন। প্রতিটি নাটকের গল্পে যেমন ভিন্নতা আছে, ঠিক তেমনি যারা নির্মাণ করেছেন তারাও আপ্রাণ চেষ্টা করেছেন ভালোভাবে নাটকগুলো নির্মাণ করতে।’ ‘আদর্শলিপি’ অপর্ণা অভিনীত এই সময়ের দর্শকপ্রিয় একটি নাটক। সহশিল্পী হিসেবে তিনি পেয়েছেন মোশাররফ করিমকে। তারসঙ্গে অপর্ণা যতই কাজ করেন, ততই যেন নিজেও অভিনয়ে অনেক কিছু জানার চেষ্টা করেন নতুন করে। মোশাররফ করিম সবসময়ই তার সহশিল্পীদের কাছ থেকে যেমন জানার চেষ্টা করেন, তেমনি সহযোগিতাও করেন দারুণভাবে। অপর্ণা আসছে ঈদ উপলক্ষে বেশকিছু ভালো ভালো নাটকে কাজ করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সৈয়দ জিয়ার রচনা ও হাবিব শাকিলের পরিচালনায় ‘মাস্টার প্ল্যানার’ এবং মোমিনুল হকের রচনায় ও পরিচালনায় ‘জোছনায় অজানা পথচলা’। দুটিতেই তার বিপরীতে আছেন অপূর্ব। আসছে ঈদে দুটি ভিন্ন চ্যানেলে নাটক দুটি প্রচার হবে। অপর্ণা বলেন, ‘গল্প এবং নির্মাণশৈলীর দিক দিয়ে দুটি নাটকেই থাকবে বেশকিছু চমক। অপূর্ব ভাইয়া এমনই একজন শিল্পী, তার বিপরীতে যে-ই কাজ করেন না কেন অভিনয়কে সহজভাবে উপস্থাপন করতে ভীষণ সহযোগিতা করেন।’ এদিকে অপর্ণা অভিনীত নতুন ধারাবাহিক নাটক গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘পাল্টা হাওয়া’ জুনের প্রথমদিকে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এছাড়া মাছরাঙ্গা টিভিতে প্রচার চলছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘অপূর্বা’। হয়তো বিচারকদের সুদৃষ্টি থাকলে গত মা দিবসে মুক্তিপ্রাপ্ত অপর্ণা অভিনীত ‘সুতপা’র ঠিকানা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবারও পেয়ে যেতে পারেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কারণ এই চলচ্চিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছেন—আর এমনটা বলছেন চলচ্চিত্রটি যারাই দেখেছেন তারাই। পরিচালক প্রসূণ রহমানের ভাষায় ‘সুতপা’র চরিত্রে অপর্ণার বিকল্প তিনি কাউকে ভাবেননি, তাই আর কাউকে নেবার চিন্তাও করেননি। শুধু পরিচালককেই নয়, দর্শককেও অপর্ণা তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। যেমনটা মুগ্ধ করেছিলেন ২০১৩ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এই চলচ্চিত্রে অভিনয় করেই অপর্ণা প্রথমবারের মতো অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অপর্ণা বলেন, ‘সুতপার ঠিকানা’ হয়তো খুব বেশি সিনেমা হলে মুিক্ত পায়নি। কিন্তু যারাই চলচ্চিত্রটি দেখেছেন তারা মুগ্ধ হয়েছেন। আমি আমার অভিনয় নিয়ে যথেষ্ট শঙ্কিত ছিলাম। কিন্তু দর্শক গ্রহণ করেছেন, আমি তাতেই সন্তুষ্ট।’ অভিনয়ের সমৃদ্ধতায় ভরপুর থাকুক অপর্ণার আগামী দিনগুলো—এই শুভ কামনা।
