ফের কোবানে শহরে ঢুকেছে আইএস

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৭:০৬
 
 
কুর্দিদের দখলে থাকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় কোবানে শহরের অভ্যন্তরে ফের ঢুকে পড়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক সীমান্তের কাছে ওই শহরটিতে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আইএস জঙ্গিদের তুমুল লড়াই চলছিল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে—শহরের কেন্দ্রস্থলে ভয়াবহ সংঘর্ষে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হয়েছে। খবর বিবিসির।
 
বৃহস্পতিবার সকালে আইএস জঙ্গিরা শহরটিতে হামলা চালায় বলে স্থানীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। হামলার শুরুতে শহরে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় আইএস জঙ্গিরা। এ ঘটনায় অন্তত আটজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কোবানে শহরে কুর্দি জনগণের প্রতিরক্ষা ইউনিট (ওয়াইপিজি)।
 
ওয়াইপিজি জানিয়েছে—বিস্ফোরণের পর শহরের তিন দিক থেকে হামলা চালায় আইএস জঙ্গিরা।
 
স্থানীয় একটি সূত্র জানিয়েছে—হামলার সময় আইএস জঙ্গিরা কুর্দি যোদ্ধাদের উর্দি পরা ছিল। হামলার পরই আইএস জঙ্গিরা কোবানে শহরের বেশ কয়েকটি স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
 
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলার সহযোগিতায় এ বছরের শুরুর দিকে কুর্দি বাহিনী কোবানে শহরটি দখল করে নেয়। এ ঘটনাটিকে অনেকে আইএসের প্রতীকী পরাজয় হিসেবে দেখেছিলেন, যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর শিরোনাম হয়েছিল। টানা চার মাসের লড়াইয়ের পর কোবানে শহর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আইএস যোদ্ধারা। এরপর কুর্দি বাহিনীর সঙ্গে বেশ কয়েকটি লড়াইয়ে পরাজয় বরণ করে আইএস।