ইউজিসি’র ২১৭৮ কোটি টাকার বাজেট অনুমোদন

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৮:০৩
 
 
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৫-’১৬ অর্থ বছরের ব্যয় নির্বাহে মোট ২ হাজার ১৭৮ কোটি ৮৪ লাখ টাকা বাজেট অনুমোদন করেছে।
 
বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে কমিশনের ১৪১তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়। 
 
সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২ হাজার ৫৩ কোটি ৫৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়।
 
একইসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ২০১৫-১৬ অর্থ বছরের ব্যয় নির্বাহের জন্য মূল বাজেটে ২৪ কোটি ১ লাখ টাকা এবং ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত বাজেটে ২১ কোটি সাড়ে ২৩ লাখ টাকা বাজেট অনুমোদন করা হয়। 
 
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, পরিকল্পনা কমিশনের (আর্থ-সামাজিক অবকাঠামো) সদস্য হুমায়ুন খালিদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম নুর-উন-নবী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. গোলাম শাহী আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. এস এম ইমামুল হক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ফ্যাকাল্টি অব টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং স্টাডিজ-এর ডীন ইউজিসি সচিব ড. মোঃ খালেদ এবং ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মিজানূর রহমান সভায় উপস্থিত ছিলেন।