বছর শেষ না হতে রেমিট্যান্স ১৫ বিলিয়ন ডলার ছাড়াল

আপডেট : ২৫ জুন ২০১৫, ১৮:৪০
 
 
চলতি অর্থবছর (২০১৪-১৫) শেষ হওয়ায় আগেই প্রবাসী বাংলাদেশিরা ১৫ বিলিয়ন বা এক হাজার ৫০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। চলতি মাসে এখনো এক সপ্তাহ বাকি থাকতেই রেমিট্যান্স দেড় হাজার কোটি ডলার ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে। এ সময়ে প্রবাসীরা আরো ৪০ কোটি ডলার পাঠাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
 
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে— চলতি ২০১৪-১৫ অর্থবছরের শেষ মাস জুনের প্রথম ১৯ দিনে প্রবাসীরা প্রায় ৯৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থবছরের আগের ১১ মাসে (জুলাই-মে) ১৩ দশমিক ৮৮ বিলিয়ন বা এক হাজার ৩৮৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা ছিল গত অর্থবছরের ১১ মাসের চেয়ে ৭ দশমিক ২৬ শতাংশ বেশি।
 
আগের বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ২৯৮ কোটি ডলার। চলতি বছরের ১৯ মে পর্যন্ত সবমিলিয়ে প্রায় ১৫ বিলিয়ন (এক হাজার ৪৮৫ কোটি) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। অর্থবছর শেষে রেমিট্যান্সের পরিমাণ ১৫ দশমিক ৪ বিলিয়ন (এক হাজার ৫৪০ কোটি) ডলারে গিয়ে পৌঁছভবে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা আশা করছেন।
 
অর্থবছর হিসাবে চলতি অর্থবছরের রেমিট্যান্সের পরিমাণই সবচেয়ে বেশি হবে। গত অর্থবছরে (২০১৩-১৪) রেমিট্যান্সের পরিমাণ ছিল এক হাজার ৮২২ কোটি ৮৩ লাখ ডলার। তারা আগের অর্থবছরে এক হাজার ৪৪৬ কোটি ১১ লাখ ডলার এবং ২০১১-১২ অর্থবছরে এক হাজার ২৮৪ কোটি ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
 
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে—রেমিট্যান্স বাড়ায় বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে অবস্থান করছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। কিছু দিনের মধ্যে এ রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী—গত মে মাসে ১৩২ কোটি ১৮ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। গত ২৯ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ২৪ বিলিয়ন ডলার ছাড়ায়।