ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন রাস্তা মেরামতে এখন থেকে পুরোনো নির্মাণ সামগ্রী পুনরায় ব্যবহার করা হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
অনুমোদিত এ প্রকল্পটির নাম ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কসমূহের রক্ষণাবেক্ষণের জন্য কোল্ড রি-সাইক্লিং প্ল্যান্ট ও ইকুইপমেন্ট সংগ্রহ’। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০১৬ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করবে বলে একনেক সভায় জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে সড়ক মেরামতের ক্ষেত্রে একেবারে নতুন এ প্রযুক্তি নিয়ে একনেক-পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান—অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ঢাকার রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফলে প্রতিবছর রাস্তা মেরামত করতে হচ্ছে। এতে করে রাস্তার উচ্চতা বেড়ে যাচ্ছে এবং পানি নিষ্কাশন ঠিক মতো না হতে পেরে জলাবদ্ধতা বাড়িয়ে দিচ্ছে।
এ জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে—ঢাকার দক্ষিণে রাস্তা মেরামতে পুরোনো ব্যবহূত উপাদানগুলোর ৪০ থেকে ৬০ শতাংশ পুনরায় ব্যবহার করার। ফলে রাস্তার উচ্চতা বৃদ্ধি পাবে না। এ কাজটি করতে যে প্রযুক্তি এখানে ব্যবহূত হবে তার নাম ‘কোল্ড রি-সাইক্লিং প্ল্যান্ট’। এতে করে রাস্তাগুলোর রক্ষণাবেক্ষণ যেমন সহজ হবে, তেমনি অর্থেরও সাশ্রয় হবে।
