দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে সাড়ে দেননি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। ডিসিসির মালিকানাধীন ঢাকা ট্রেড সেন্টারে অবৈধ দোকান বরাদ্দের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে গত ২১ জুন নোটিস পাঠিয়েছিল দুদকের সহকারী পরিচালক শেখ আব্দুস ছালাম। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় তার দুদকে হাজির হওয়ার কথা ছিল তার। মামলার অন্য আসামি ডিসিসির প্রাক্তন সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল ও সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া দুদকে হাজির হলেও সাদেক হোসেন খোকা হাজির হননি।
দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, তদন্তের স্বার্থে সাদেক হোসেন খোকাকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় বারের মতো তলব করা হয়েছিল। এ পর্যন্ত তিনি দুদকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি তিনি। শুনেছি তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সূত্র জানায়, বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিংয়ের স্থান এবং খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ আটজনের বিরুদ্ধে গত বছরের ২৪ আগস্ট মামলা করে দুদক। দুদক কর্মকর্তা মাহবুবুল আলম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেছিলেন।
খোকা ছাড়া অন্য আসামিরা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন।
