এটাই বাংলাদেশের সময়ের সেরা দল

আপডেট : ২৬ জুন ২০১৫, ০০:১৫

বিশ্বকাপ থেকেই ধারাবাহিক ক্রিকেট খেলে আসছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ। এখন এশিয়ার সেরা দল ভারতের বিরুদ্ধে সিরিজ জয়। এমন ধারাবাহিক ক্রিকেট এর আগে কখনোই খেলতে পারেনি বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মতে এটাই বাংলাদেশের অন্যতম সেরা দল।

 

জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান বলেন, স্বপ্ন দেখেছিলাম, সেটা পূর্ণ হলো। যখন বাংলাদেশ দলের হয়ে খেলতাম তখন থেকেই স্বপ্ন দেখেছি এভাবেই আমরা খেলবো। ২০১৫ সালটা যে স্বপ্নের মতো যাত্রা আমাদের। আমি আমাদের হিরোদের, আমাদের খেলোয়াড়দের, আমাদের টাইগারদের ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা আমাদের স্বপ্ন পূর্ণ করেছে। আমার মনে হচ্ছে বাংলাদেশের এটা সময়ের সেরা দল। এটাই আমাদের সময়ে সেরা দল। সেরা দল হিসাবেই আমরা ভারতের বিপক্ষে সিরিজ জিতেছি। বাংলাদেশ পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে। ভারতকে অল্পের জন্য বাংলাওয়াশ করতে পারিনি। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের সাথে ৪-০ ব্যবধানে সিরিজ জিতে আমরা প্রথম বাংলাওয়াশের শব্দ ব্যবহার করেছিলাম। এরপর আমরা ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে বাংলাওয়াশ করেছি। যেহেতু এখন আমরা এশিয়ার সেরা দলের বিপক্ষে জয় লাভ করেছি, এই কারণে মনে হয় বাংলাদেশ দলের পারফরম্যান্স মানুষের বেশি চোখ পড়ছে। আমরা কিন্তু অনেক আগে থেকেই ভালো খেলে আসছি। এই জয়ের পেছনে অধিনায়ক মাশরাফির ভূমিকা বিরাট।