একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে, এই তালিকা শুক্রবার রাত ১১টার দিকে প্রকাশ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে তালিকা প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। এই নিয়ে তৃতীয় দফা এই ফলাফল প্রকাশ পিছিয়ে গেল। ফলাফল পরে জানানো হবে বলে জানা গেছে।
মনোনীতদের তালিকা প্রকাশের জন্য করা ওয়েবসাইটে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল ২৫ জুন ২০১৫ এর পরিবর্তে ২৬ জুন ২০১৫ তারিখ রাত ১১টা ৩০ মিনিটে প্রকাশিত হবে৷ পরে আবার জানানো হয়, শনিবার সকাল ৮টায় প্রকাশ করা হবে। কিন্তু ফের ফলাফল প্রকাশ বিলম্বিত হবে বলে জানা গেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শিগগিরই পরবর্তী সময় জানানো হবে।
মনোনীত শিক্ষার্থীদের তালিকা www. xiclassadmission. gov. bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এটি কলেজভিত্তিক প্রথম মেধাতালিকা।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড জানিয়েছে, প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন।
কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
কলেজে ভর্তি হতে গত ৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত অনলাইন ও এসএমএসে আবেদন করেন শিক্ষার্থীরা।
এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেননি, তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। নতুন করে আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই।
