ফ্রান্সের পূর্বাঞ্চলে একটি গ্যাস কারখানায় আইএসের পতাকাবাহী এক জঙ্গি হামলা চালিয়ে একজনের শিরোচ্ছেদ করেছে। এই হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এএফপি এই তথ্য জানিয়েছে। স্থানীয় সকাল ১০টায় এই হামলা চালানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী কারখানার ভিতরে ঢুকে কয়েকটি ছোট বিস্ফোরক ডিভাইস স্থাপন করেছে। কারখানার কাছেই একটি মস্তকহীন লাশ পাওয়া গেছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে।
একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, একজন অথবা কয়েকজন একটি গাড়িতে করে সেখানে আসে ও ভেতরে ঢোকে। এরপর একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
ঐ সূত্রটি আরো জানিয়েছে, মস্তকহীন শরীরটি কারখানার কাছেই পাওয়া গেছে। তবে এটি গাড়িতে করে সেখানে আনা হয়েছি কিনা তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে আরবি হরফ লেখা একটি পতাকা পাওয়া গেছে।
এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি হেবদো পত্রিকায় জঙ্গিদের হামলার ঘটনায় ১৭ জন নিহত হওয়ার প্রায় ছয় মাস পর এই হামলা চালানো হলো। সূত্র: এএফপি।
