ছাপাখানাসহ ৬০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০১৫, ১৯:০৯
 
 
 
রাজধানীর দারুস সালাম এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিযান চালিয়ে জাল স্ট্যাম্প তৈরির ছাপাখানার  সন্ধান পেয়েছে।  ওই ছাপাখানা থেকে ৬০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করেছে সিআইডি।
 
সিআইডির সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, গত ১৯ জুন দারুস সালামের লালকুঠির সি/১২৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ সময় জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে বুলবুল নামের একজনকে গ্রেফতার করা হয়। তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি লালকুঠি এলাকায় আরো একটি জাল স্ট্যাম্প ছাপাখানার তথ্য দেন।
 
সিআইডি জানায়, শুক্রবার দুপুরে লালকুঠির ২৬৪ নম্বর বাড়ির নিচতলায় জাল স্ট্যাম্প ছাপাখানায় অভিযান চালানো হয়। এ সময় অভিযানের খবর টের পেয়ে ওই সিন্ডিকেটের ৪ সদস্য পালিয়ে যান। বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ছাপাখানা থেকে ৬০ কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। এ ছাড়া, ওই ছাপাখানায় জাল স্ট্যাম্প ছাপার জন্য বিপুল পরিমাণ কাগজও মজুদ করা ছিল।