গ্রিসের বেল আউট নিয়ে গণভোটের সিদ্ধান্ত

আপডেট : ২৭ জুন ২০১৫, ১১:৫৬
গ্রিসের ঋণ সংকট সমাধানে বিদেশি ঋণদাতাদের প্রস্তাবিত বেল আউট (ব্যয়সংকোচন) নিয়ে দেশটির নাগরিকদের মতামত নিতে পাঁচ জুলাই একটি গণভোটের কথা রয়েছে।
 
দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাস একটি টেলিভিশনে বক্তব্য দিতে গিয়ে ঘোষণায় বলেছেন, তাদের ওই প্রস্তাব অবমাননাকর ও সেটি বাস্তবায়নে গ্রিসকে কঠিন ব্যয়সংকোচন করতে হবে। খবর বিবিসি বাংলার।
 
ইউরোপীয় ইউনিয়নের আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে আসছিল গ্রীসের সরকার। কারণ সরকার বলছে, যে ব্যয়সংকোচনের প্রস্তাব করা হয়েছে, তা পালন করা গ্রিসের পক্ষে কঠিন।
 
তবে গ্রিসকে এই জুনের মধ্যেই আন্তর্জাতিক অর্থ তহবিলকে দেড় বিলিয়ন পাউন্ড ঋণ পরিশোধ করতে হবে।
 
ফলে গত কয়েকদিন ধরেই ঋণদাতা দেশগুলোর সঙ্গে গ্রিসের আলোচনা চলছিল।
 
সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, গ্রিস যদি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছায়, তাহলে তারা পনেরো দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড পাবে, তবে সেজন্য তাদের অনেক সংস্কার করতে হবে।
 
সিপরাস বলছেন, এসব প্রস্তাব ইউরোপীয় আইনে কাজ, সমতা আর সম্মানের অধিকারের লঙ্ঘণ। গ্রিসের জনগণ কোন ব্লাকমেইলিংয়ের শিকার হতে পারে না। ওই ব্যয়সংকোচন নীতি গ্রিস গ্রহণ করবে কিনা, সেই সিদ্ধান্ত এর জনগণই নেবে।
 
প্রস্তাবটি মেনে নিতে গ্রিসের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।