বেলা ১টা ৫০ মিনিট। রাজধানীর শেরে বাংলা নগস্থ শহীদ সোহরাওয়ার্দী হাসপতালের বহির্বিভাগ বন্ধ হয়ে গেলেও জরুরি বিভাগ ও ভর্তি রোগীদের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ঠিক এমন সময়ই এ হাসপাতালে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এর আগে বেলা ১টা ১০ মিনিটে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেবিতে একটি অনুষ্ঠান শেষ করে স্বাস্থ্যমন্ত্রী এই প্রতিবেদককে তার নিয়ে সরাসরি সোহরাওয়ার্দী হাসপাতাল অভিমুখে যাত্রা করেন। তখনোও কেউই জানতেন না মন্ত্রী এ হাসপাতালে পরির্দশনে যাচ্ছেন। দ্বিতীয়বারের মতো এ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তবে রোগীদের কাছ থেকে টয়লেট অপরিচ্ছন্ন ও নোংরার অভিযোগ পেয়ে তিনি এ দায়িত্বে নিয়োজিত আউট সোর্সিংয়ের কর্মকর্তাদের সতর্ক করে দেন। ভবিষ্যতে যাতে টয়লেটগুলো নোংরা না থাকে সেজন্য নির্দেশনা প্রদান করেন তিনি। একই সঙ্গে হাসপাতালের সেবার মান আরো বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের দায়িত্ব পালনে বেশ কিছু অবহেলার চিত্র ধরা পড়ে।
