দেশ রক্ষায় সব নেতাকে ঐক্যবদ্ধ হতে হবে: খালেদা জিয়া

আপডেট : ২৮ জুন ২০১৫, ০০:০২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশকে রক্ষা করার জন্য দেশের সব রাজনৈতিক নেতাদের ঐক্যবদ্ধভাবে বসতে হবে। কে বড় আর কে ছোট তা বিচার করার সময় নেই। এই সরকারের আমলে একদিকে সুইস ব্যাংকে বাংলাদেশের টাকা বাড়ছে অন্যদিকে বাংলাদেশে দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে। গতকাল শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জাতীয় পার্টি (কাজী জাফর আহমদ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

 
খালেদা জিয়া বলেন, ভোটবিহীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। দেশে বেড়ে চলেছে দুর্নীতি, গুম, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি। সরকারি দলের লোকেরা  লুটপাটে ব্যস্ত।
 
তিনি বলেন, যারা দেশের শাসন করছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই আজকে দেশের এই দুরবস্থায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। যখন জনগণের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করে না তখন দেশকে রক্ষার জন্য জনগণকে দায়িত্ব নিতে হয়।
 
কাজী জাফরের সভাপতিত্বে দলের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের পরিচালনায় ২০ দলীয় জোট শরিকদের মধ্যে জামায়াতে ইসলামের ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী,   এ্যাডভোকেট জসিম উদ্দিন, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, ন্যাপ ভাসানীর আযহারুল হক, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মুর্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান উল্লাহ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আমম্মেদ, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব খন্দকার গোলাম মোস্তফা ভুঁইয়া, পিপলস লীগের মহাসচিব মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ২০ দলের বাইরে ইফতার পার্টিতে যোগ দেন- বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এম এম বাহা উদ্দিন প্রমুখ।
 
আজ ড্যাবের ইফতার মাহফিল
 
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
 

আজ রবিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।