ঈদ ইত্যাদিতে বরাবরই তারকা সমারোহ ঘটে। তবে গত কয়েক ঈদ জুড়েই ঈদ ইত্যাদির অবধারিত শিল্পীতে পরিণত হয়েছেন যেন অভিনেত্রী তারিন। এবারেও তাই। তবে বিষয়বস্তু একেবারেই আলাদা ঢঙের। ইত্যাদির স্বকীয় আইডিয়ার মুন্সিয়ানায় নিবেদিত ঈদের বিশেষ গানটিতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন এবং ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় সাতজন অভিনেতা-অপূর্ব, আগুন, জয়, ঈমন, নীরব, নাঈম ও কল্যাণ। গানটি জনপ্রিয় ‘সাত ভাই চম্পা...’ গানটির সুরে করা হয়েছে। এতে সাত ভাই চম্পার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতারা এবং পারুল বোনের চরিত্রে অভিনয় করেছেন তারিন। সেই পারফর্মেন্সের একটি দৃশ্যে সেলফি তুলছেন এ সময়ের সাত ভাইয়ের চম্পা।
