সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলংকার ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা। আগামী আগস্টে নিজ মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে নিজেই ঘোষণা দিয়েছেন।
কলম্বোতে শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যে চলমান দ্বিতীয় টেস্ট চলাকালে সাইডলাইনে সাঙ্গাকারা সাংবাদিকদের বলেন, ‘আমার অবসর ঘোষণার সময় এসেছে।’
বাঁ-হাতি এ ব্যাটসম্যান জানান, আগস্টে শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে তিন টেস্ট সিরিজের দুই ম্যাচে খেলবেন তিনি। তবে সঠিক দিন তারিখ এখনো ঘোষণা দেননি তিনি।
সাঙ্গাকারা বলেন, আগামী ৩ জুলাই পাল্লেকেলেতে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টও খেলবেন না তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরই আমি অবসর নিতে চেয়েছিলাম। তবে নির্বাচকদের অনুরোধে সেটা হয়নি। আমি আরো চারটি টেস্ট খেলতে রাজি হয়েছিলাম। সে শর্তকে আমি সম্মান করবো। আমি কথা দিয়েছিলাম, সুতরাং আমি সেটা পালন করব।’
বর্তমান টেস্ট খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান সাঙ্গাকারা। এ পর্যন্ত ৩৮ সেঞ্চুরিসহ তার মোট রান ১২,৩০৫। আর ২৭ সেঞ্চুরিসহ ৯ হাজার রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় ভারতীয় লিজেন্ড শচিন টেন্ডুলকারের ৫১ সেঞ্চুরিসহ ১৫,৯২১ রানের পর দ্বিতীয় স্থানে ১৩২ ম্যাচ খেলা সাঙ্গাকারা। তবে ডাবল সেঞ্চুরির দিক থেকে তার সামনে রয়েছেন কেবলমাত্র অস্ট্রেলিয়ান লিজেন্ড ডন ব্র্যাডম্যান। সাঙ্গার ডাবল সেঞ্চুরি ১১টি আর ব্র্যাডম্যানের ১২টি।
সাঙ্গাকারা বলেন, ‘রেকর্ডের জন্য আমি ক্যারিয়ার দীর্ঘায়িত করতে চাই না। ব্যক্তিগত রেকর্ডের জন্য আমি আমার ক্যারিয়ার লম্বা করতে চাই না। অবসর নেয়ার এটাই সময়।’
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজে গল টেস্টে প্রথম ইনিংসে ৫০ রান করেন সাঙ্গাকারা। যা ছিল তার ৫২তম হাফ সেঞ্চুরি। চলমান দ্বিতীয় টেস্টও প্রথম ইনিংসে ৩৪ রানে আউট হন তিনি। তবে গত বছরেই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন সাঙ্গাকারা।
নিউজিল্যান্ড সফরে জানুয়ারিতে ওয়েলিংটন টেস্টে ২০৩ রান করার পর গতবছর পাকিস্তানের বিপক্ষে ২২১ এবং বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রান করেন তিনি।
-নির্ভীক ক্রিকেট সংস্কৃতি
গতবছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শিরোপা জয়ের পরই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন সাঙ্গাকারা। এরপর এ বছরের বিশ্বকাপে পর পর চার সেঞ্চুরি হাঁকানোর পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তিনি বলেন, ‘শ্রীলংকার হয়ে খেলাটা আমি অনেক বেশি মিস করবো। শ্রীলংকার হয়ে খেলাটা আমি উপভোগ করেছি। সব ফর্মেটে খেলাটাকেই আমি উপভোগ করেছি। তবে শ্রীলংকার হয়ে খেলাটা ছিল বিশেষ কিছু।’
খবর বাসসের।
