রানা প্লাজা: অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি ৮ জুলাই

আপডেট : ২৮ জুন ২০১৫, ১৫:০৩
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে হত্যা মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে আগামী ৮ জুলাই শুনানি হবে।
 
ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহিনুর রহমান রবিবার এই দিন ধার্য করে দেন।
 
এদিন অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। মামলার প্রধান আসামি সোহেল রানাকেও এদিন আদালতে হাজির করা হয়নি।  
 
রানাকে কেন আদালতে আনা হয়নি, সে বিষয়ে বিচারক কারা কর্তৃপক্ষের ব্যাখ্যাও চেয়েছেন বলে আদালত পুলিশের প্রসিকিউশন বিভাগের  বিভাগের পরিদর্শক আসাদুজ্জামান জানান।
 
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যন্ড সংলগ্ন রানা প্লাজা ধসে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও হাজারখানেক শ্রমিক।